।। ডা. নাজমুল হাসান ।।

নেতা হিসেবে শেখ হাসিনা যে উচ্চতায় পৌঁছে গেছেন সেটা অত্যন্ত গর্বের। তৃতীয় বিশ্বের একজন নেতার এই উচ্চতায় পৌঁছানো একটা ঈর্ষণীয় ব্যাপার। জাতি হিসেবে এটা আমাদের জন্য দারুণ আত্মসম্মানের। আয়োজন করে গণসংবর্ধনা তিনি ডিজার্ভ করতেই পারেন। জনগণ সেটা দিয়েছেও।

কথা হলো উন্নয়ন হচ্ছে কিন্তু সুউচ্চ টাওয়ারের নিচেয় আবর্জনা, হোমশিখার নিচেয় অন্ধকার এসব রয়েই যাচ্ছে। কোন ভণিতা ছাড়া মেদহীন কথা বললে বলতে হয়- দুর্নীতি কমানোর চেয়ে বড় উন্নয়ন, বড় প্রায়োরিটি দেশে আর নাই। দেশকে দুর্নীতিমুক্ত করুন, অন্তত সহনীয় পর্যায়ে রাখুন। সরকারি অফিস মানেই বখরাগার, জনগণের টোলঘর- এই অবস্থার পরিবর্তন করুন। সরকারি প্রতিষ্ঠান থেকে সত্যিকারের জনসেবা নিশ্চিত করুন।

এই উচ্চতায় গিয়ে যদি এই কাজটি আপনি না করতে পারেন, তবে এ কাজটি আর কখনও হবে না। অদূর ভবিষ্যতে করার মতো আর কোন নেতা নাই। দায়টা আপনাকেই নিতে হবে। জনগণ আপনাকে যে সংবর্ধনা দিয়েছে তা যতোটা না প্রাপ্তির জন্য, তারচেয়ে বেশি প্রত্যাশা পূরণের আশায়।

উন্নয়নের ইমারত নির্মিত হচ্ছে কিন্তু ইমারতের খুঁটির গোঁড়া ঘুণে খেয়ে যাচ্ছে। অজান্তে বা জ্ঞাতসারেই ইমারত ধ্বসে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গিলে খাচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্র গিলে খাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। নিঃসঙ্কোচে জনগণের দাঁড়াবার যায়গা থাকছে না। ঘুষের দৌরাত্ম্যে মানুষ দিশেহারা। এগুলো দেখা হচ্ছে না, আলোকোজ্জ্বল গণসংবর্ধনার নিচে সেগুলি চাপা পড়ে যাচ্ছে, নতুবা দেখার মত করে দেখা হচ্ছে না।

সংবর্ধনাটা আওয়ামী-সংবর্ধনা নাকি গণসংবর্ধনা সে চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। তবে এটুকু বলতে পারি আওয়ামী লীগ যেহেতু জনগণের সংগঠন, সুতরাং এ সংবর্ধনা অবশ্যই গণসংবর্ধনা!

দক্ষরাজের মহাযজ্ঞ ধ্বংস করেছিল নন্দী-ভিরিঙ্গি নামক দানব। হিন্দু মাইথোলজির সেই দানব এখন আমাদের উন্নয়ন মহাসড়কের বাঁকে বাঁকে তাণ্ডব নৃত্যরত। এ তাণ্ডবে সমাজের সুস্থতা ভীতবিহ্বল, কম্পিত। এরা দুর্নীতির রাহু। এরা কেউ আমাদের অপরিচিত নয়। এদের কবল থেকে দেশকে মুক্ত করুন।

সরকারি প্রতিষ্ঠানকে ঘুষমুক্ত করুন। রাজনীতিবিদদের বখরা খাওয়া বন্ধ করুন। সত্যি যদি তা করতে পারেন তবে তাবৎ মানুষের মনোজগৎ দখল করে নিরবচ্ছিন্ন মনোসংবর্ধনা পাবেন, তখন আয়োজন করে এমন গণসংবর্ধনা নেবার প্রয়োজন পড়বে না। কাজটা খুবই কঠিন, পঁচাত্তরের পট পরিবর্তনের পর থেকে একটু একটু করে দুর্নীতি জমতে জমতে তা এমন মহীরুহ হয়েছে যে তাকে উপড়ে ফেলা একজন প্রধানমন্ত্রীর জন্যও কঠিন। তারপরেও একে উপড়ে ফেলতেই হবে। একমাত্র আপনিই ভরসা।

 

nazmul hassanডা. নাজমুল হাসান

লেখক ও কলামিস্ট

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট