টঙ-ঘর টকিজ-এর প্রযোজনা ‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাশিয়ার ‘১০ম কাজান আন্তর্জাতিক ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল-এ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হলো। এ চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন জুয়েইরিযাহ মউ। চলচ্চিত্রটি ২০১৮ সালে নির্মিত। ‘১০ম কাজান আন্তর্জাতিক ইয়ুথ ফিল্ম ফেস্টিভালেই চলচ্চিত্রটি প্রথমবারের মতোন প্রদর্শিত হবে।

জুয়েইরিযাহ মউ (ছবিঃ ফেসবুক)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে পরিচালক বাঙালীয়ানা‘কে বলেন – ‘নগরের জীবনে একটা জানালা অনেকগুলো ছোট ছোট গল্পকে খুলে খুলে তুলে ধরে আমাদের সামনে। শব্দ আর দৃশ্য যে গল্পটা দেখায় সেই গল্পই মূল রসদ ছিল এই চলচ্চিত্রের। এইরকম কিছুই বলা যায় এই চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে আর বাকিটা দর্শকের মগজে কিংবা মনেই সৃষ্টি হয়। তাতে পরিচালকের বলার কিছুই নেই।’
এ চলচ্চিত্রটি শিশুতোষ কাহিনিনির্ভর চলচ্চিত্র। এর আগে ২০১৬ সালে নির্মিত জুয়েইরিযাহ মউ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাফিতি’ও শিশুতোষ কাহিনিনির্ভর চলচ্চিত্র ছিল যা ভারতের বর্ধমান চলচ্চিত্র উৎসব, কাউতিক চলচ্চিত্র উৎসবসহ দেশে ও দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সস্টিটিউট থেকে ২০১৭ সালে নির্মিত ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ তার পোস্ট-গ্রাজুয়েশন চূড়ান্ত ডিপ্লোমা চলচ্চিত্র। ‘ভয়’-এর প্রিমিয়ার শো হয়েছে ২০১৭ সালের পহেলা নভেম্বর শেখ রাসেল ওডিটোরিয়ামে। নতুন চলচ্চিত্রের পাশাপাশি ‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ নিয়েও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন মউ।
