ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
সকল দেশের রাণী, সে আমার এই বাংলা। সত্যিই কি খুঁজে পাওয়া যাবে এমন দেশ যে দেশের মানুষ “বাঙালী জাতি” সাম্রাজ্যবাদী চক্রান্তে আজ ভৌগলিকভাবে বিভক্ত? মাঝে মাথা তুলে দাঁড়িয়ে শাসাচ্ছে কাঁটাতার? না এমন দেশ এমন জাতিস্বত্বা কোথাও খুঁজে পাওয়া যাবে না সম্ভবত। বাঙালী জাতি আজ কেবল বঙ্গের বাসিন্দা নয়, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গেরও নয়, সারা বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে ৩৬ কোটি বাঙালী। এমন একটি দেশও পাওয়া যাবে না যে দেশে একদু’টি বাঙালী পরিবার নেই!
অথচ কি দুর্ভাগ্য যে এ জাতির জাতিগত সাংস্কৃতিক বৈশিষ্ট ধীরে ধীরে অপসৃয়মান। ধীরে ধীরে মুছে যাচ্ছে এর ঐতিহ্য আর সংস্কৃতি। ভুলিয়ে দেওয়া হচ্ছে জাতির ঐতিহাসিক পরিচয়। সেই পরিচয় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারার ব্যর্থতা নিজেদের মাথায় নিয়েই আমাদের এ ঘাটতি লাঘবে কাজ করতে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, ইত্যাকার বিষয়ে বিভিন্ন লেখা, ছবি, ভিডিও, অন্যান্য দলিলাদি এবং বাঙালীর সংবাদ নিয়ে একটা ইন্টার্যাক্টিভ নিউজ পোর্টাল তৈরি করবার চিন্তা মাথায় এসেছিল। তারই প্রদর্শক “বাঙালীয়ানা”।
আমাদের স্বপ্ন এই পোর্টাল হবে বাংলা ও বাঙালীর সংস্কৃতি ও ইতিহাসের দর্পণ। সারা বিশ্বের বাঙালীর একটি মিলনক্ষেত্র হবে এই পোর্টাল। সেই লক্ষ্যে গত জুন মাস থেকে ঢাকা এবং কলকাতায় তারুণ্যে উদ্ভাসিত দুটি দলের নিরলস প্রচেষ্টায় গত ১৪ জুলাই, ২০১৮ থেকে বাঙালীয়ানা বাংলা ও বাঙালী বিষয়ে ফিচার, আর্টিকেল, সংবাদ, সাক্ষাৎকার, জীবনী, অভিমত, ছবি, ভিডিও নিয়ে শুরু করে তার পরীক্ষামূলক যাত্রা। একই সাথে শুরু হয় “বাঙালীয়ানা ফেসবুক পেজ”। অসামান্য কর্মদক্ষতায় এই তরুণেরা মাত্র তিন সপ্তাহে বৈশ্বিক ওয়েব পোর্টাল র্যাঙ্কিং-এ বাঙালীয়ানাকে তুলে এনেছে একেবারে কয়েক হাজারের মধ্যে। আমাদের উপদেষ্টামণ্ডলী তাঁদের আশির্বাদ ও পরামর্শের ছায়ায় আমাদের ঋদ্ধ করছেন প্রতিমুহুর্তে।
মুখ্যত বাঙালীয়ানা একটি আর্কাইভ তবে এই আর্কাইভে আনাগোনা থাকবে, হবে আন্তঃযোগাযোগ। আমাদের লক্ষ্য অর্জনের তাগিদে সকলের সাথে আমরা যোগাযোগ ও সম্পর্কোন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত বাঙালীদের মাঝে একটি আনুষ্ঠানিক যোগসূত্র তৈরীর কাজ চলমান। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্পৃক্তিতে ব্লগিং, ভিডিও ব্লগিং, সাহিত্য পেজ, ফটোপেজ, ফিল্ম/ভিডিও পেজ, বিভিন্ন শহরের সাংস্কৃতিক আয়োজনের সংবাদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন, ইত্যাদি সম্পর্কিত সমকালীন বিষয়ের উপর থাকছে প্রতিবেদন। থাকছে ক্রীড়া, রান্না, ফ্যাশন, চলচ্চিত্র, সাহিত্য, ভ্রমণ, সাক্ষাৎকার, এমন কি শ্রেণীভুক্ত বিজ্ঞাপনও!
বাঙালীয়ানাকে মধ্যমণি করে আয়োজন হবে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় ভিত্তিক রচনা, কবিতা, গল্প, ফটো, ইত্যাদির প্রতিযোগিতা। অফলাইনে একইভাবে প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনার, আলোচনা, প্রদর্শনী, ইত্যাদির আয়োজন হবে।
পোর্টালের আর্থিক ব্যয়ভারের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় নিশ্চিত করতে পারলেই এই উদ্যোগ টেকসই হবে। এর পরিচালন ব্যয় নির্বাহের প্রধান উপায় হবে বিজ্ঞাপন, পেজ স্পন্সর, অনুদান, বিভিন্ন ইভেন্ট থেকে আয়। তবে এক্ষেত্রে পোর্টালের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সর্বাগ্রগণ্য হবে।
আমাদের পাঠকের শুভাশিস ও ঐকান্তিক সহযোগিতাই আমাদের পাথেয়। আমাদের লক্ষ্য বাঙালীর ঐতিহ্যিক অসাম্প্রদায়িক মনন সৃজন। আমরা দৃঢ় প্রত্যয়ী আমাদের লক্ষ্য অর্জনে। বাংলা ও বাঙালীর সুখ দুঃখ হাসি কান্নার সাথী হয়ে যেন প্রতিটি বাঙালী এক কন্ঠে গেয়ে উঠতে পারি কবিগুরুর সেই অমর বাণী –“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
জয় বাংলা
জয় বাঙালী
লেখক:

সাগর লোহানী
সাগর লোহানী
সম্পাদক
বাঙালীয়ানা