প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম তার সূচনালগ্ন থেকেই নারীর সমতাকে সমর্থন করে আসছে এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় এটুআই প্রোগ্রাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে যৌথভাবে “উইমেন’স ইনোভেশন ক্যাম্প” প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো সমাজে নারীদের গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা এবং একটি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নারীদের দ্বারা এগুলোর উদ্ভাবনী সমাধান আহবান করা। প্রতিযোগিতায় শীর্ষ সেরা উদ্ভাবনী সমাধানের জন্য পুরস্কার প্রদান করা হয় এবং বাস্তবায়নোপযোগী সমাধানগুলোকে সফলভাবে বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান ও কারিগরী সহায়তা প্রদান করা হয়।
উইমেন’স ইনোভেশন ক্যাম্প ২০১৬ এবং ২০১৭ এর সাফল্যের ধারাবাহিকতায় এটুআই প্রোগ্রাম চলতি বছরও “উইমেন’স ইনোভেশন ক্যাম্প ২০১৮” আয়োজন করতে যাচ্ছে, যা সকল পর্যায়ের নারীদের জন্য উন্মুক্ত থাকবে। উইমেন’স ইনোভেশন ক্যাম্প ২০১৮ এর জন্য গোলটেবিল বৈঠক থেকে নারীদের সমস্যা সনাক্ত করা হয়েছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে উদ্ভাবনী সমাধান আহ্বানের জন্য কয়েকটি সমস্যা নির্বাচন করা হয়েছে। অনলাইনে সারা দেশ থেকে চিহ্নিত সমস্যা সমূহের উদ্ভাবনী সমাধান প্রদানের সুযোগ থাকছে। কার্যকর ও বাস্তবায়নযোগ্য শ্রেষ্ঠ উদ্ভাবন সমূহ প্রতিযোগিতায় এগিয়ে যাবে চুড়ান্ত মনোনয়নের দিকে।
প্রস্তাব জমাদানের শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৮।
- কে আবেদন করতে পারবেন?
> একক বা দলীয়ভাবে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন ।
- কোন বয়সের বিধি নিষেধ আছে কি?
> না। যেকোন বয়সের নারীরা আবেদন করতে পারবে।
- কি ধরনের সমাধান দেয়া যাবে?
> প্রযুক্তিভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য যে কোনো উদ্ভাবনী সমাধান দাখিল করা যাবে।
- বাছাই প্রক্রিয়ায় কতগুলো ধাপ আছে?
> তিনটি ধাপ। প্রাক প্রাথমিক যাচাই, প্রাথমিক বাছাই এবং কারিগরি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়ন।
- বিজয়ীদের জন্য পুরষ্কারের আর্থিক পরিমান কত?
> প্রতিটি বিজয়ী দলকে পুরস্কার হিসাবে 100,000 টাকা প্রদান করা হবে (কর প্রযোজ্য)। বিজয়ী প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত ও বাস্তবায়ন অংশীদার পাওয়া গেলে, উন্নয়ন এবং বাস্তবায়ন খরচ যাচাই করে সার্ভিস ইনোভেশন ফান্ড প্রদান করা সম্ভব।
- কবে ফলাফল প্রকাশ করা হবে?
> কারিগরি বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক মূল্যায়নের সমাপ্ত হওয়ার সাথে সাথেই বাছাইকৃত প্রকল্পের আবেদনকারীদের সাথে এটুআই থেকে যোগাযোগ করা হবে।
- এটুআই থেকে কোন ইমেইল না পেলে কী করবো?
> স্বাভাবিকভাবে বিজয়ের স্বীকৃতিস্বরূপ কোন ইমেইল না পাওয়া গেলে ধরে নিতে হবে আপনার প্রকল্পটি বাছাইকৃত হয়নি।
- কোন প্রকার কারিগরি সমস্যার ক্ষেত্রে কোথায় যোগাযোগ করবো?
> কারিগরি সমস্যার ক্ষেত্রে [email protected] এই ই-মেইল আইডিতে যোগাযোগ করুন।
