‘কে বাম, কে অ-বাম না দেখে অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা সামনে রেখে হাত মেলানো উচিত’, বলেছেন নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

অমর্ত্য সেন(সংগৃহীত ছবি)
শনিবার, ২৫ আগস্ট, ২০১৮ তারিখ সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে প্রতীচী ইনস্টিটিউট আয়োজিত ‘ভারত কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ভারতের ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলোর এককাট্টা হওয়া উচিত। মাত্র ৩১ শতাংশ ভোটের জোরেই ৫৫ শতাংশ আসন পেয়ে ২০১৪ সালে একটি দল ক্ষমতায় এসেছে। তাই তাদের গুরুত্ব সংখ্যায় নয়। তবে তারা রাজনৈতিক রাস্তায় যা আয়ত্ত করা সম্ভব, তা করতে পেরেছে। এই কথাগুলো মাথায় রেখে ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের এগোনো উচিত।
তিনি আজকের পশ্চিমবঙ্গের বামপন্থীদের মধ্যে নিজেদের প্রকাশ করার তেজটা কমে যাওয়ার দিক তুলে ধরে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘ছোটবেলায় শুনতাম, ঈশ্বর আছে কি নেই। এখন অনেকেই বুঝতে পারেন না, সিপিএম আছে কি নেই!’

‘বিপন্ন ভারত’ প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন অমর্ত্য সেন
ভারতে সহিষ্ণুতার অভাব নিয়ে ‘বিপন্ন ভারত’ নামের একটি প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন অমর্ত্য সেন। পরে তিনি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বামপন্থার লড়াই নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
অমর্ত্য সেন বলেন, ‘আবহমান ভারতে সংখ্যালঘু মানেই কিন্তু দুর্বল নয়। বুদ্ধের পেছনেও সংখ্যা ছিল না। তথাকথিত সংখ্যালঘু মানে দেশের অনেকে আপনার বিরুদ্ধে, এটা ভাবাও ঠিক নয়। তাই রাজনৈতিক ক্ষমতা দখল করলেই তাদের সংখ্যাগুরু হিসেবে মেনে নিলে সেটা নিজের পায়ে কুড়াল মারার মতো হবে। তাই এ ধরনের ভাবনা বর্জন করা উচিত।’
বাঙালীয়ানা/এজে/জেএইচ
