বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, দুপুরে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়ে কাজের দায়িত্ব বুঝে নিলেন কবি হাবিবুল্লাহ সিরাজী।
গত মে মাসে পূর্বতন মহাপরিচালকের মেয়াদ শেষে পদটি শূন্য ছিল। এর আগে এ দায়িত্বে শামসুজ্জামান খান দশ বছর দায়িত্ব পালন করেন।
কবি হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বিষ্ণু দে পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম পুরোধা ব্যক্তি হাবিবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্ম গ্রহণ করেন।
এই কবির কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। ‘দাও বৃক্ষ দাও দিন’,‘মোমশিল্পের ক্ষয়ক্ষতি’, ‘মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ’, ‘স্বপ্নহীনতার পক্ষে’, ‘আমার একজনই বন্ধু’, ‘পোশাক বদলের পালা’, ‘প্রেমের কবিতা’,‘কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা’, ‘সিংহদরজা’, ‘জয় বাংলা বলোরে ভাই’, ‘সারিবদ্ধ জ্যোৎস্না’, ‘স্বনির্বাচিত প্রেমের কবিতা’, ‘কতো কাছে জলছত্র’, ‘কতোদূর চেরাপুঞ্জি’ ‘ভুলের কোনো শুদ্ধ বানান নেই’, ‘ইতিহাস বদমাশ হলে মানুষ বড়ো কষ্ট পায়’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথাও লিখেছেন কবি হাবিবুল্লাহ সিরাজী।
বাঙালীয়ানা /এসএল