শ্রীলঙ্কায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় সাতজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল বলে দেশটির একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির।
এএফপির খবরে দেশটির মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্নের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, স্থানীয় উগ্রপন্থী ইসলামি দল “ন্যাশনাল তাওহিদ জামাত” (এনটিজে) এ হামলায় জড়িত। আন্তর্জাতিক কোনো গোষ্ঠী তাদের সহায়তা করেছে কি না, এ ব্যাপারে তদন্ত চলছে।
এদিকে সিনারত্নের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, ‘আমরা বিশ্বাস করি না দেশের ভেতরের কোনো গোষ্ঠী এই হামলা চালিয়েছে। হামলায় আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত। আন্তর্জাতিক নেটওয়ার্ক ছাড়া এ ধরনের হামলা সফল হতো না।’
রয়টার্স জানায়, শ্রীলঙ্কা সরকারের ফরেনসিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা আরিয়ানন্দ ওয়েলিয়াঙ্গা বলেছেন, কলম্বোর সানগ্রি-লা হোটেলে দুই হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্য হামলাকারীরা তিনটি গির্জা ও অন্য দুটি হোটেল লক্ষ্য করে হামলা চালায়। দুপুরে কলম্বোর উপকণ্ঠে চতুর্থ হোটেল ও একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তবে সেসব জায়গায় কীভাবে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। ওয়েলিয়াঙ্গা বলেন, এ ঘটনায় এখনো তদন্ত চলছে।
এদিকে সোমবারও কলম্বোর একটি চার্চের কাছে একটি গাড়িতে রাখা বোমা ফেটে যায়। কলম্বো সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পাওয়া গেছে অন্তত ৮০টিরও বেশি ডিটোনেটর। তবে এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
এসব হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এএফপি বলেছে, শ্রীলঙ্কার পুলিশ প্রধান ১১ এপ্রিল বিদেশি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে হামলার ব্যাপারে এক সতর্ক বার্তা দিয়েছিল যাতে বলা হয়েছিল, উগ্র ইসলামপন্থী দল এনটিজে গির্জাগুলো ও শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার পরিকল্পনা করছে। এএফপি জানাচ্ছে যে পুলিশের সূত্র বলছে হামলার পর আটক ২৪ জন উগ্রপন্থী দলের সদস্য হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
রোববার, ২১ এপ্রিল, ২০১৯, স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে তিনটি হোটেল ও গির্জায় চারটি বোমা হামলা হয়। দুপুরের দিকে চতুর্থ হোটেল ও একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। শ্রীলংকার পুলিশ জানিয়েছে হামলায় নিহতের সংখ্যা ২৯০ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৩৬ জন বিদেশি বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় আটক করা হয়েছে ২৪ জনকে।
ছবি: ইন্টারনেট
খবর সূত্র: এএফপি, রয়টার্স, বিবিসি
বাঙালীয়ানা/এসএল