‘সালাম ক্রিকেট’ অনুষ্ঠানে কিংবদন্তী বাশার

Comments

১৫ সেপ্টেম্বর, ২০১৮ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। আসরে অংশগ্রহণ করা সব দলই বর্তমানে অবস্থান করছে দুবাই নামক সুন্দর শহরটিতে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভারতীয় টিভি চ্যানেলের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

অনুষ্ঠানে অংশ নেবেন ক্রিকেটের সব জ্বলন্ত কিংবদন্তীরা। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশার ছাড়াও সেই অনুষ্ঠানে থাকবেন ভারতের মোহাম্মদ  আজহারউদ্দিন, হরভজন সিং ও সুনীল গাভাস্কার। অংশ নেবেন শ্রীলংকান ঘূর্ণি কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, আবদুল কাদিরইউনিস খান ও মিসবাহ-উল-হক।

এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এ উপলক্ষে ভারতীয় টিভি চ্যানেল ‘আজ তক’ আয়োজন করছে ‘সালাম ক্রিকেট’ নামে এই অনুষ্ঠানটি। ১৭ সেপ্টেম্বর, ২০১৮ দিনব্যাপী এ অনুষ্ঠানে আড্ডায় মেতে উঠবেন এই ক্রিকেটীয় কিংবদন্তিরা। এশিয়া কাপের নিজ দলের খেলার বিশ্লেষণ, দলের সম্ভাবনা ছাড়াও হয়তো উঠে আসবে কিংবদন্তীদের নিজস্ব ভাবনা।

২০১৬ সালের ‘সালাম ক্রিকেট’

উল্লেখ্য, এর আগে ২০১৬’র বিশ্ব টি-টোয়েন্টি এবং গত চ্যাম্পিয়নস ট্রফিতেও এই আয়োজন করে টিভি চ্যানেলটি। যার দুটিতেই উপস্থিত থেকেছেন হাবিবুল বাশার। অনুষ্ঠানে যোগ দিতে ১৬ সেপ্টেম্বর দুবাইয়ে রওনা দেবেন বিসিবির এই নির্বাচক। এ নিয়ে হাবিবুল বাশার বলেন,  ‘তারা আগেও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। গত বছর লন্ডনে চ্যাম্পিয়নস ট্রফির সময় যেমন ওরা ১০ সাবেক অধিনায়ককে এক বিন্দুতে মিলিয়েছিল। কিংবদন্তিতুল্য সব খেলোয়াড়ের এক হওয়া বা এক মঞ্চে দাঁড়ানো ভীষণ সম্মানের। আশা করি এবারও অনুষ্ঠানটা উপভোগ করব।’

বাঙালীয়ানা/জেএইচ

 

 

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.