গতকাল, মঙ্গলবার ৩০ জুলাই, ২০১৮ নিজ গাড়িতে জ্যামে আটকে পড়েছিলেন চিত্র নায়িকা গুলশান আরা আক্তার চম্পা। আর জ্যামের কারণ ছিল রমিজ উদ্দীন কলেজ এর দু’শিক্ষার্থী মিম আর রাজিব এর মৃত্যুর প্রতিবাদ এ সহপাঠীদের প্রতিবাদ।

উত্তরা এলাকার রাস্তায় অনেকক্ষণ আটকে থাকা অভিনেত্রী চম্পাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন: এতক্ষণ জ্যামে বসে থাকতে কষ্ট হচ্ছে না ম্যাম?
চম্পা বললেন, “না, কষ্ট হচ্ছে না। আর যদি হয়ও, ওদের এই কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। একজন মায়ের বুক খালি হওয়ার যে কষ্ট, তার সাথে অন্য কোন কষ্টের তুলনা হয় না। ওদের প্রতিবাদের জন্য আমার এটুকু কষ্ট কোন ব্যাপারই না।“
ঘটনাটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে “সৈয়দ নাজমুস সাকিব” বলেছেন, “ব্যক্তিগতভাবে মনে করি, একজন শিল্পীর কাজ শুধু ভাল সিনেমা করা বা শুধু আমাদের এন্টারটেইন করা না, দেশের নাগরিক হিসেবে নিজের দেশের প্রতিও তার দায়িত্ব থাকবেই। অন্যান্য দেশে অনেক ইস্যুতে সেই দেশের সেলেব্রিটিদের সরব হতে দেখা গেলেও, আমাদের দেশের সেলেব্রিটিদের বেলায় জিনিসটা বিরল বলা চলে। সেই জায়গায় আজকে অন্তত এতটুকু কথা বলার জন্য অভিনেত্রী চম্পাকে ধন্যবাদ জানাই!”