ঢাকায় বন্দুকযুদ্ধ: ডিবির গুলিতে ২জন নিহত

Comments

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ভোর ৪টার দিকে ঢাকার আফতাব নগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল তেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে এবং নিহতরা সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধে নিহত দুইজন টারজান বাহিনীর শীর্ষ সন্ত্রাসী বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।’

এরপর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ জানিয়েছে তা নির্ণয়ের কাজ করা হচ্ছে।

এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে রাত ৯টার দিকে গুলি করে হত্যা করে টারজান বাহিনীর সন্ত্রাসীরা। অভিযোগ ছিল, জুলহাস মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। কমিশন না পেয়ে টারজান বাহিনীর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

মন্তব্য করুন (Comments)

comments

Share.