সম্প্রতি প্রয়াত আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শেষ ইচ্ছা অনুসারে তার পরিবার হাসান আরিফের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) দান করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ শিল্পীর মরদেহ গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং দেহ হস্তান্তর করেন পরিবারের পক্ষে হাসান আরিফের বোন রাবেয়া রওশন তুলি।
শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দেহ দানের প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, হাসান আরিফ জীবিত থাকা অবস্থায় দেশের মানুষের জন্য কাজ করেছেন। মৃত্যুর পরও তার দেহের মাধ্যমে দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করব। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা যে সেবা দেবেন তা তার জন্য সদকায়ে জারিয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তার এ অবদানকে চিরস্মরণীয় করে রাখবে। ভবিষ্যতেও এ মহৎ কাজে যারা আগ্রহী হবেন তাদেরকে এ বিষয়ে সব ধরণের সহযোগিতা প্রদান করবেন বলেও জানান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
হাসান আরিফের বোন রাবেয়া রওশন তুলি এ সময় বলেন, আমি বোন হিসেবে, আইনগতভাবে অনেক বছর ধরে তার দায়িত্বপ্রাপ্ত। ওর দেহ সঠিকভাবে, সঠিক জায়গায় পৌঁছাতে সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।
প্রসঙ্গত, শুক্রবার (১ এপ্রিল, ২০২২) দুপুর ১টা ৫০ মিনিটে হাসান আরিফ ৫৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ডিসেম্বর ২০২১ থেকে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুস ও কিডনির নানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
বাঙালীয়ানা/এসএল